ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

হিজলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা-ছেলের মৃত্যু

বরিশালের হিজলায় ছাগলকে ঘাস খাওয়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ মে) সকালে হিজলা উপজেলার উত্তর শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন শ্রীপুর গ্রামের মো. কাশেম হাওলাদার (৫৫) ও তার ছেলে মোক্তার হাওলাদার (৩০)। এদিকে তাদের উদ্ধার করতে গিয়ে কাশেমের আরেক ছেলে মনির হোসেনও গুরুতর আহত হয়েছেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, ছাগল ঘাস খাওয়ানোর জন্য কাশেম হাওলাদার বাড়ির পাশের মাঠে যান। ছাগলটি মাঠ থেকে টিভিসি নামক পাশের একটি ইটভাটার কাছাকাছি চলে যায়।  ছাগল সেখান থেকে সরাতে গিয়ে হাতের সঙ্গে বিদ্যুতের লাইনের তারের স্পর্শ হলে তিনি বিদ্যুতায়িত হন। বিষয়টি কাশেমের ছেলে মোক্তার হাওলাদার দেখতে পান এবং বাবাকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। আর তাদের উদ্ধার করতে গিয়ে মনিরও গুরুতর আহত হন।


স্বজনরা জানান, মুমূর্ষু অবস্থায় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক কাশেম ও মোক্তারকে মৃত ঘোষণা করেন। মনিরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ওই বৈদ্যুতিক তার দিয়ে অবৈধভাবে সংযোগ (সাইড লাইন) এনে বিদ্যুৎ ব্যবহার করতেন ইটভাটার লোকজন। ঘটনার পর তারগুলো সরিয়ে ফেলা হয়েছে।


এদিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে, তিনিও নিজে যাচ্ছেন। কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হলেন বাবা ও ছেলে সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ads
ads
ads

Our Facebook Page

↑